রাজশাহীতে বাস চাপায় ৩ জন নিহতের ঘটনায় আটক চালক কারাগারে

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২১:০৫
রাজশাহীতে ‘অ্যারোবেঙ্গল পরিবহণে’র বাস চাপায় স্কুলছাত্রীসহ ৩ জন নিহতের ঘটনায় চালককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার রাতে আটক করা হলেও বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
আটক বাস চালক মো. জনি (৩০) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।
 
প্রসঙ্গত, বুধবার বেলা ১১টার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় ‘অ্যারোবেঙ্গল পরিবহণে’র বাস চাপায় তিনজন নিহত হন। নিয়ন্ত্রণ হারানো বাসটি সড়ক থেকে প্রায় ২০ ফুট নিচের দোকানে ঢুকে তাদের চাপা দেয়। এদের মধ্যে দু’জন ঘটনাস্থলে এবং স্কুলছাত্রী হাসপাতালে নেওয়ার পর মারা যায়। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান।
 
নগরীর শাহ্ মখদুম থানার ওসি জিল্লুর রহমান বলেন, নিহত তিনজনের মধ্যে একজনের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। চালককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জনি স্বীকার করেছেন যে, দুর্ঘটনার সময় তিনিই বাসটি চালাচ্ছিলেন।
 
ইত্তেফাক/বিএএফ