রাজশাহীতে কোরবানির পশুর দাম চড়া

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২১:২৩
গত বছরের তুলনায় রাজশাহীতে এবারও কোরবানির পশুর দাম চড়া। ভারতীয় গরু-মহিষ কম আসায় দেশি গরুর দাম বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে ক্রেতারা একটু নাখোশ হলেও খুশি খামারিরা। বুধবার রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় পশুহাট ‘সিটিহাট’ ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
 
আগের নির্ধারিত রবি ও বুধবার এ হাট বসে। তবে আগামী শুক্রবার থেকে এখানে কোরবানি ঈদের আগের দিন পর্যন্ত পশু কেনাবেচা চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 
 
বুধবার সিটিহাট বেশ জমজমাট দেখা যায়। গরু-মহিষের মজুতও ছিল যথেষ্ট। তবে দাম বেশির কারণে অনেকে গরু কিনতে হাটে এলেও তাদের দরদাম করেই বাড়ি ফিরতে দেখা যায়।
 
হাট ঘুরে দেখা যায়, প্রায় ৬০ কেজি ওজনের একটি ছোট আকারের গরুর দাম ৪০ থেকে ৫০ হাজার টাকা চাওয়া হচ্ছে। মাঝারি আকারের গরুর (৮০ কেজি মাংস) দাম ৬০ থেকে ৭০ হাজার ও বড় গরুর (১০০-১৪০ কেজি মাংস) দাম ৯০ থেকে ১ লাখের ওপরে হাঁকানো হচ্ছে। অন্যদিকে, ১০ থেকে ১২ কেজি ওজনের কোরবানির ছাগলের দাম ৯ থেকে ১০ হাজার টাকা, ১৫ থেকে ১৮ কেজি ওজনের ছাগলের দাম ১৪ থেকে ১৫ হাজার টাকা ও ২০ থেকে ২৫ কেজি মাংস হবে এমন ছাগলের দাম হাঁকা হচ্ছে ১৮ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। ছাগলেরও দাম গত বছরের চেয়ে কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।
 
রাজশাহী সিটিহাটের ইজারাদার আতিকুর রহমান কালু বলেন, এবার কোরবানি ঈদ ঘিরে হাটে বুধবারই সবচেয়ে বেশি পশু কেনাবেচা হয়েছে। শুক্রবার থেকে প্রতিদিন হাট বসবে। তখন বেচা-বিক্রি আরও বাড়বে। এবার ভারতীয় গরু-মহিষ কম আসার কারণে দেশি পশুর দাম বেশি বলেও জানান তিনি।
 
ইত্তেফাক/বিএএফ