পঞ্চগড়ে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২১:৩৬
পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় রহমত আলী (৪০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বোদা-দেবীগঞ্জ মহাসড়কের সাকোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত রহমত আলী বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ফুলবাড়ি এলাকার এবাদত আলীর ছেলে। তিনি পেশায় কৃষক। ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, রহমত আলী তার বাড়ি থেকে বোদা-দেবীগঞ্জ মহাসড়কে বাইসাইকেলযোগে সাকোয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় দেবীগঞ্জ থেকে বোদা উপজেলা গামী একটি প্রাইভেটকার পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এ সময় বাইসাইকেলসহ তিনি মহাসড়কের উপর ছিটকে পড়ে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
বোদা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম, বাইসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ