ব্যতিক্রমী শ্যামল ছায়া গুচ্ছগ্রামের উদ্বোধন

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২১:৫৯
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভূমিহীনদের জন্য নির্মিত শ্যামল ছায়া গুচ্ছ গ্রাম হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই গুচ্ছগ্রামের উদ্বোধন করেন। 
 
এ উপলক্ষে গুচ্ছগ্রাম চত্বরে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক ২০টি পরিবারের হাতে নির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন। 
 
তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত গুচ্ছগ্রামের ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা, গুচ্ছগ্রাম প্রকল্পের রংপুর আঞ্চলিক প্রকৌশলী আবু সাদআত সায়েম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আলী মণ্ডল, সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাব্লিউ, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনিসুর রহমান, বাংলাদেশ জাসদের উপজেলা সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
তেঁতুলিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে গুচ্ছগ্রাম প্রকল্পের অধীন তেঁতুলিয়া ইউনিয়নে প্রায় ৩০ লাখ ৩ হাজার ৫শ টাকা ব্যয়ে ৮০ শতাংশ জমির উপর এই গুচ্ছগ্রাম নির্মাণ করা হয়। ২০টি পরিবার এই গুচ্ছগ্রামে বসবাস করবেন।  
IMG0
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. সানিউল ফেরদৌস জানান, গুচ্ছগ্রামে সরকারিভাবে ২০টি পরিবারের জন্য ২টি টিউবওয়েল বরাদ্দ থাকলেও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যেক পরিবারের জন্য একটি করে টিউবওয়েল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবারকে ৪টি বনজ ও ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে। বসবাসকারী পরিবারগুলোর বসতবাড়ির ভিটে ও ধারী পাকাকরণসহ শিশুদের জন্য নির্মাণ করা হয়েছে মিনি পার্ক। 
 
এদিকে প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় তেঁতুলিয়া উপজেলায় জমি আছে ঘর নেই এমন ২০২টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ঘরের মালিকের কাছে চাবি, শাড়ি-লুঙ্গি ও পরিবারের লোকজনদের সাময়িক খাদ্য বিতরণ করেন।
 
ইত্তেফাক/জেডএইচ