রাঙ্গাবালীতে শিবির নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২২:৪০

নাশকতার পরিকল্পনার অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক ছাত্র শিবিরের নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ। আটক শিবির নেতার নাম ইয়াকুব হোসেন (২৮)। তিনি পটুয়াখালী জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ও রাঙ্গাবালী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের বাহেরচর বন্দরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেল সাড়ে ৫টায়  উপজেলা সদরের বাহেরচর বন্দরের চৌরাস্তায় অবস্থান করছিল ছাত্রশিবির নেতা ইয়াকুব হোসেন। এ খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ বিন ওয়ালিদ তালুকদারের নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী গিয়ে ইয়াকুবকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।  

উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ বিন ওয়ালিদ তালুকদার বলেন, স্থানীয় ছাত্র শিবিরের কর্মীদের সঙ্গে নাশকতার পরিকল্পনা করা অবস্থায় ইয়াকুব হোসেনকে ছাত্রলীগের কর্মীদের নিয়ে হাতেনাতে ধরে ফেলি। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছি। তবে এসময় ছাত্র শিবিরের বাকি কর্মীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা ইয়াকুবকে গণধোলাই দিয়ে আমাদের হাতে তুলে দিয়েছে।

ইত্তেফাক/নূহু