সমকাল সম্পাদকের জন্য দোয়া

আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ০০:০৫

সমকালের প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ারের রুহের মাগফেরাত কামনায় আজ শুক্রবার আসরের নামাজের পর পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সমকালের আয়োজনে আগামীকাল শনিবার বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উত্তরা চার নম্বর সেক্টরের ২১ নম্বর রোডে আজমপুর জামে মসজিদে শুক্রবার দোয়া মাহফিলে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানিয়েছেন গোলাম সারওয়ারের বড় ছেলে গোলাম শাহরিয়ার রঞ্জু।

আগামীকাল শনিবার আসরের নামাজের পর সমকালের আয়োজনে তেজগাঁওয়ে বিআরটিসি ডিপো সংলগ্ন প্রতিষ্ঠানটির নতুন কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে শরিক হতে প্রয়াত সম্পাদকের সহকর্মী, সুহৃদদের প্রতি অনুরোধ জানিয়েছেন সমকালের প্রকাশক এ কে আজাদ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে মিরপুর বুদ্ধিজীবী করবস্থানে দাফন করা হয়েছে সাংবাদিকতার বাতিঘর গোলাম সারওয়ারকে। এর আগে জাতীয় প্রেসক্লাব চত্বরে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারকে তার প্রিয় স্থান প্রেসক্লাব চত্ত্বরে বিদায়ী রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সর্বস্তরের মানুষ সাংবাদিক সমাজের শিক্ষকখ্যাত কিংবদন্তিতুল্য সম্পাদক গোলাম সারওয়ারের প্রতি শেষ শ্রদ্ধা জানায়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মন্তিসভার সদস্য, এমপি, রাজনৈতিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামরিক-বেসামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়।

বৃহস্পতিবার সকালে গোলাম সারওয়ারের মরদেহ আনা হয় তার প্রিয় কর্মস্থল সমকাল কার্যালয়ে। সহকর্মীরা শ্রদ্ধা নিবেদনের পর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় মাঠে গোলাম সারওয়ারের তৃতীয় জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেয়।

গত ২৯ জুলাই অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন ৭৫ বছর বয়সী সম্পাদক গোলাম সারওয়ার। তার অবস্থার অবনিত হলে গত ৩ আগস্ট তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। গত ১৩ আগস্ট, সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক গোলাম সারওয়ার।

গত মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে দেশে আসে গোলাম সারওয়ারের মরদেহ। গতকাল বুধবার গোলাম সারওয়ারের মরদেহ হেলিকপ্টার যোগে তার জন্মস্থান বরিশালের বানারীপাড়ায় নেওয়া হয়। সেখানে প্রথম জানাজার পর মরদেহ ঢাকায় ফিরিয়ে আনা হয়। উত্তরা-৪ নম্বর সেক্টর জামে মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/নূহু