ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট অব্যাহত

আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৩:২৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এর মধ্যে মহাসড়কের ঢাকামুখী ১৬ কিলোমিটার এবং চট্টগ্রামগামী ২০ কিলোমিটার যানজট রয়েছে। শুক্রবার ভোর থেকে সোনারগাঁ চৌরাস্তা থেকে কুমিল্লার দাউদকান্দির হাসানপুর পর্যন্ত এ যানজট অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই যানজট চলে আসছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।
 
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে ঢাকাগামী একটি রডবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর গজারিয়া হাইওয়ে পুলিশ ট্রাকটি সরিয়ে নেয়। দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়।
 
এদিকে বিভিন্ন পরিবহনের গাড়ির চালক ও যাত্রীরা জানান, যানজটে শত শত গাড়ি আটকে পড়েছে, এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেলা সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যানজট অব্যাহত ছিল। হাইওয়ে থানার ওসি বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।
 

ইত্তেফাক/এএম