করতোয়া দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৭:১১
বগুড়ার করতোয়া নদীর জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এদিকে দখলের প্রতিবাদে আগামীকাল শনিবার শহরের সাতমাথায় মানববন্ধন ও সমাবেশেরও ঘোষণা দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ (বাপা) পেশাজীবী সংগঠন। বৃহস্পতিবার তারা বগুড়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছে।
 
বেসরকারি উন্নয়ন সংগঠন টিএমএসএস বগুড়া পৌরসভার মেয়র বরাবর অভিযোগ সূত্রে জানা গেছে, শহরের নবাব বাড়ি সড়কে আল আমিন কমপ্লেক্স ও শেখ সরিফ উদ্দিন সুপার মার্কেটের ভেতর দিয়ে পূর্বদিকে করতোয়া নদী পর্যন্ত সড়কে নদীর জমি অবৈধ দখল করে রাতের আঁধারে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। বিষয়টি জানতে পেরে নির্মাণ কাজ বন্ধ করার জন্য উন্নয়ন সংগঠন টিএমএসএস পৌরসভাকে চিঠি দেয়। পৌরসভা কাজ বন্ধ করে দিলেও পুনরায় শুরু হয়েছে। এ নির্মাণ কার্যক্রম যাতে প্রশাসন ও সাধারণ মানুষের নজরে না পড়ে সে কারণে টিনের বেড়া দিয়ে রাতের আঁধারে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে সরিফ উদ্দিন সুপার মার্কেট কর্তৃপক্ষ।
 
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, টিএমএসএস মহিলা মার্কেটের পাশেই শরীফ উদ্দিন সুপার মার্কেট ও বন্ধ ঘোষিত বাম্বি সিনেমা হল। এই মার্কেটের পেছনে মাটি ফেলে নদীর তলদেশ ভরাট করে বেশ কিছু অংশ জুড়ে গতিপথ বন্ধ করে দেওয়া হয়েছে। টিন দিয়ে ঘিরে ভরাট করা জায়গায় পিলার তুলে সেখানে স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
 
স্থানীয়রা জানান, দেলওয়ারা শেখ শরীফ উদ্দিন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয় নির্মাণ করা হচ্ছে ভরাট করা জায়গাটিতে।
জানতে চাইলে দেলওয়ারা শেখ শরীফ উদ্দিন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সায়দুর রহমান বলেন, তারা নদীর জায়গায় নয়-মার্কেট মালিকের কেনা জায়গায় সমিতির কার্যালয় নির্মাণ করছেন।
 
দেলওয়ারা শেখ শরীফ উদ্দীন সুপার মার্কেটের পরিচালক আনোয়ার হোসেন রানা জানান, জায়গাটি মার্কেটের। নদীর জায়গা দখল করা হয়নি। সেখানে একটি ছাপড়া ঘর ছিল। দিনে-রাতে অসামাজিক কার্যকলাপ হত। মাকেটের ব্যবসায়ীরা জানালেন সেখানে ব্যবসায়ী সমিতির অফিস করার জন্য। তাই অস্থায়ী ভাবে স্থাপনা নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
 
বাপা জেলা কমিটির সভাপতি আনোয়ারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পেশাজীবীদের সভায় বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান, বাপার সহসভাপতি আব্দুল মান্নান, নদী ও জলাশয় রক্ষা কমিটির আহ্বায়ক ফারুখ আকবর, বাপার সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য দেন।
 
ইত্তেফাক/আরকেজি