লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় জেলা শিবির সেক্রেটারি নিহত

আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৯:১৬
লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক দুর্ঘটনায় জেলা শিবিরের সেক্রেটারি ইব্রাহিম খলিল (২৮) নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার উদমারা এলাকায় ছয়বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে। উপজেলা চেয়ারম্যান শহীদ উল্লাহ্ বিএসসি তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
 
ইব্রাহিম উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের আবাবিল এলাকার মো. মুকবুল হোসেনের ছেলে ও জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি ছিলেন। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে চলতি বছর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাস করেন।
 
শিবির নেতা ইব্রাহিম খলিল দুপুরে মোটরসাইকেলে করে যাওয়ার পথে উদমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
 
ইত্তেফাক/আরকেজি