জিয়াউর রহমানের মরনোত্তর বিচার দাবি করলেন মুকুল বোস

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৪:২৬
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুকুল বোস সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরনোত্তর বিচার দাবি করে বলেছেন, জিয়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাই তিনি নিজেকে রক্ষা করতেই ইনডেমনিটি জারি করেছিলেন। এ হত্যাকারীর বিচার নির্বাচনের আগেই সম্পন্ন করতে হবে। 
 
শুক্রবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে ৭১ এর পরাজিত শক্তি ও ৭৫ এর ঘাতকরা গভীর ষড়যন্ত্র শুরু করেছে। তাদের ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। আওয়ামী লীগ পুনরায় বাংলার মানুষের ভোটে নির্বাচিত হয়ে খুনি চক্রকে আর কোনোদিন ক্ষমতায় আসতে দেবে না। 
 
কাশিয়ানী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি করম আলী সিকদার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন খানসহ আরো অনেকে বক্তব্য রাখেন। 
 
 
ইত্তেফাক/ইউবি