ভারতকে হারালেই মেয়েদের টানা দ্বিতীয় শিরোপা জয়

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২০:০৩
ভুটান শহরে বাংলাদেশের ছোট ছোট মেয়েরা এখন সবার আদরের হয়ে ওঠেছেন। মেয়েরা যেখানেই যাচ্ছেন সেখানেই ভুটানিজদের আদর পাচ্ছেন। সেমিফাইনালে ভুটানের মাঠে ভুটানকে হারিয়ে আজ ফাইনালে ভারতের সামনে দাঁড়াবে বাংলাদেশের মেয়েরা।
 
শনিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ফাইনালে মারিয়া মান্ডা বাহিনীর প্রতিপক্ষ হচ্ছে ভারত। আজ ভারতকে হারাতে পারলে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জয় করবে বাংলাদেশ।
 
গতবার এই ভারতকেই ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে মরিয়া গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
 
পেছনে ফিরলে দেখা যায়, এই ভারতকে ঢাকায় প্রথম সাফের আসের একবার নয়, দুই বার হারিয়েছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। চ্যাম্পিয়ন হয়েছিল গত ডিসেম্বরে, কমলাপুর স্টেডিয়ামে। লিগ খেলায় ৩-০ এবং ফাইনালে ১-০ তে হারিয়েছিল ভারতকে।
 
গতকাল কোচ ছোটন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তার দল স্বাভাবিক খেলাটা খেলবে আজ। যে ছন্দে রয়েছে সেটাই তিনি ধরে রাখতে চান।
 
ইত্তেফাক/জেডএইচ