কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২০:৪৩
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে শুভা আক্তার (২২) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টায় সদর উপজেলার বাদুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভা নরসিংদী শহরের ভেলানগর এলাকার ব্যবসায়ী খোকন মিয়ার মেয়ে। সে নরসিংদী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রী ছিল।
 
নরসিংদী রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুভা আক্তার শুক্রবার সন্ধ্যায় তার কয়েকজন বান্ধবী নিয়ে বাদুয়ারচর ব্রিজ এলাকায় ঘুরতে যায়। ঘটনার সময় কানে হেডফোন লাগিয়ে ওই শিক্ষার্থী রেল লাইনের উপর দিয়ে হাঁটাহাটি করছিল। পেছন দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবমুখি একটি ট্রেন কখন যে তার কাছাকাছি চলে আসে সে তার টেরই পায়নি। কিছু বুঝে উঠার আগেই ট্রেনে ধাক্কায় সে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, ‘রেল লাইনে দাঁড়িয়ে কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে কথা বলার কারণে ওই শিক্ষার্থী বেখেয়ালি থাকায় তার মৃত্যু হয়েছে। ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
 
ইত্তেফাক/আরকেজি