ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন হেফাজত ইসলামের নেতা মাওলানা আহম্মদ মাসুদ। শনিবার দুপুরে ভাঙ্গা থানায় ফাইজুর রহমানকে প্রধান আসামি করে তিনি মামলাটি দায়ের করেন। আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করায় উপজেলার সকল নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মামলার প্রধান আসামি ফাইজুর রহমান বলেন, ভাঙ্গা উপজেলার সুনামধন্য মাদানীনগর মাদ্রাসার সভাপতি হিসাবে আমি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছি। এই জামাতকর্মী মাওলানা আহম্মদ মাসুদ উক্ত মাদ্রাসার প্রধান হিসাবে কিছুদিন আগে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমান সরকারের বিরুদ্ধে তার নানা কর্মকাণ্ড প্রকাশ পাওয়ায় তার বিরুদ্ধে ইতিপূর্বে বেশ কয়েকটি মামলাও হয়েছে। তারমধ্যে হেফাজতের মামলার প্রধান আসামি ছিল মাওলানা আহম্মদ মাসুদ।
তিনি আরো বলেন, সম্প্রতি মাওলানা আহম্মদ মাসুদ কতিপয় ব্যক্তির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত হয়েছে। মামলাটি সঠিকভাবে তদন্ত করলে ঘটনার কোন সত্যতা পাওয়া যাবেনা বরং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই একটি মহল চক্রান্তে নেমেছে।
এ বিষয়ে মামলার বাদী মাওলানা আহম্মদ মাসুদের বক্তব্যের জন্য যোগাযোগ করলে তার কোন বক্তব্য পাওয়া যায় নাই।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান বলেন, শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমানকে প্রধান আসামি করে একটি চাঁদাবাজি মামলা হয়েছে। মামলা নং-৩১।
ইত্তেফাক/বিএএফ
