রাজশাহীর বাঘায় ঈদ উপলক্ষে হতদরিদ্রদের নামে বরাদ্দ ভিজিএফের ১০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। প্রতি বস্তায় চাল রয়েছে পঞ্চাশ কেজি। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সরেরহাট গ্রামের মৃত মসলেম সরদারের ছেলে লালনের বাড়ি থেকে ওই চাল উদ্ধার করেন সহকারি কমিশনার (ভূমি) ইমরুল কায়েস। অভিযুক্ত লালন গড়গড়ি ইউনিয়নের ওয়ার্ড আলীগের সেক্রেটারি আরব মাস্টারের সহোদর।
গড়গড়ি ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার ১৯ মেঃ টন চাল বিতরণ করা হয়েছে। কার্ড সংখ্যা ছিল ৯শ ৯০টি। প্রতি কার্ডের বিপরিতে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। কমিটিতে ছিলেন, ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ এমপির মনোনীত প্রতিনিধি ৯জন। এর মধ্যে একজন ছিলেন আরব আলী মাস্টার।
তাহলে নেতার ভাইয়ের বাড়িতে চাল কি করে প্রবেশ করলো? এমন প্রশ্নে উত্তরে তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেন নি।
এ বিষয়ে এমপির মনোনীত প্রতিনিধি আরব আলী মাস্টারের সঙ্গে মোবাইলে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল খোলা পাওয়া যায়নি। তবে ঘটনার পর থেকে তার ভাই পলাতক রয়েছে। যার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরুল কায়েস। সম্পৃক্তদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা জানান, মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
