বাগেরহাটের শরণখোলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলার খেজুরবাড়ীয়া ও উত্তর রাজাপুর গ্রামের ধান ক্ষেতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানায়, সকালে খেজুরবাড়ীয়া গ্রামের নুরুল হক খানের পুত্র আমিনুল খান (৩৫) ফসলের মাঠে ধানের চারা রোপণ করছিলো এ সময় বৃষ্টির সাথে তার ওপর বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায়। অপর ঘটনায় প্রায় একই সময়ে উত্তর রাজাপুর গ্রামের মাঠে ধানের চারা রোপণের সময় মৃত শফিউদ্দিন গাজীর পুত্র কালাম গাজীর (৬০) ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার মুঠোফোনে বজ্রপাতে দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/মোস্তাফিজ
