সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে আমি জোটে নির্বাচন করবো। আমি সরকারের সাথে আছি, জোটে আছি। আর বিএনপি না আসলে আলাদা নির্বাচন করবো। এখন এটাই আমাদের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি।
রবিবার (১৯ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেছেন এরশাদ।
নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে এরশাদ বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠন হবে। সেখানে ৭/৮ জন মন্ত্রীর মধ্যে আমরাও থাকবো।
এসময় তিনি আরো বলেন, বিএনপি আমার উপর যে অত্যাচার করেছে, আমি ৬ বছর জেলে ছিলাম। বিনা অপরাধে আমার বউ, ছেলে-মেয়েকেও জেলে দিয়েছিল তারা। এসব ভোলা কঠিন। তাই আর পুরোনো কথা মনে করে কষ্ট পেতে চাই না।
এসময় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ডা. আক্কাছ আলী সরকার, জেলা জাতীয় পার্টির নেতা চৌধুরী শফিকুল ইসলাম, মেজর (অব.) আব্দুস সালামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি চিলমারী উপজেলায় জাতীয় পার্টি আয়োজিত কর্র্মীসভায় যোগ দেন।
ইত্তেফাক/কেআই
