গাইবান্ধাকে ব্রান্ডিং করতে বই উন্মোচন

আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৮:২৭
গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ব্রান্ড বই ‘সৃজনশীল গাইবান্ধা’র মোড়ক উন্মোচন করা হয়। আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
 
এ উপলক্ষে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুক, সিভিল সার্জন ডাঃ আব্দুস শাকুর প্রমুখ। 
 
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। 
 
গাইবান্ধা জেলার উদ্ভাবনী উদ্যোগ বা পণ্যকে চিহ্নিত করে বিশেষায়িত করার লক্ষ্যে গাইবান্ধায় ব্র্যান্ডিং কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। জেলা ব্রান্ডিংয়ের অন্যতম পণ্য হিসেবে ঐতিহ্যবাহী মিষ্টান্ন রসমঞ্জুরী ও চরাঞ্চলের অন্যতম লাভজনক কৃষি পণ্য ভুট্টা এবং মরিচকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এজন্য একটি সুদৃশ্য ও দৃষ্টিনন্দন ব্রান্ডিং লোগোও নির্ধারিত হয়। যাতে একটি ছন্দময় শ্লোগানও অন্তর্ভুক্ত রয়েছে। ‘স্বাদে ভরা রসমঞ্জুরীর ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা-মরিচ গাইবান্ধার প্রাণ’। 
 
এছাড়া ১৬৮ পৃষ্ঠার এই বইটিতে গাইবান্ধা জেলার নামকরণ ও ইতিহাস ঐতিহ্যে এবং সাত উপজেলার নানা ঐতিহাসিক নিদর্শন, স্মৃতিবিজড়িত স্থান, আদিবাসীসহ অন্যান্য জনগোষ্ঠীর জীবনাচরণ, চরাঞ্চলের কৃষিসহ জীবিকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ছবিসহ বিবরণ ছাপানো হয়েছে।
 
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের পৃষ্ঠপোষকতায় ‘সৃজনশীল গাইবান্ধা’র সম্পাদনা করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মিজানুর রহমান।
 
ইত্তেফাক/জেডএইচ