পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আরিফ হোসেন (৩৫) নামে এক ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে আরিফ হোসেনকে গ্রেফতার করে আটোয়ারী থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১৬ আগস্ট সকালে আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে গান শুনতে যাচ্ছিলেন। এ সময় বাইসাইকেল যোগে আরিফ হোসেনও সেখানে গান শুনতে যাচ্ছিলেন। পথে আরিফ ওই স্কুলছাত্রীকে ফুসলিয়ে বাইসাইকেলে তুলে গান শোনা স্থানে না নিয়ে স্থানীয় একটি পার্কে নিয়ে ধর্ষণ করে। সেখান থেকে ফিরে মেয়েটি তার মা-বাবাকে ঘটনাটি বলে। পরে মেয়েটির বাবা ১৮ আগস্ট রাতে আরিফ হোসেনকে আসামি করে আটোয়ারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
