বড়পুকুরিয়া খনির কোল ইয়ার্ড থেকে কয়লা উধাও হয়ে যাওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান ও মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রবিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম তাদের জিজ্ঞাসাবাদ করেন। এর আগে গত বৃহস্পতিবার পেট্রোবাংলার সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ ছাড়া দুদক গত ১৩ আগস্ট ওই সব কর্মকর্তাসহ পেট্রোবাংলার ৩২ জনকে তলব করে চিঠি দেয়। যাদের আগামী ২৮, ২৯ ও ৩০ আগস্ট জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।
দুদক সূত্র জানায়, দুদকের নোটিশের প্রেক্ষিতে গতকাল সকাল ১০টার দিকে (বিসিএমসিএল) সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান ও মাহবুবুর রহমান দুদক কার্যলয়ে উপস্থিত হন।
পরে সাড়ে ১০টা থেকে দুদকের অনুসন্ধান টিমের তদারকি কর্মকর্তা দুদকের পরিচালক কাজী শফিকুল আলমের নেতৃত্বে উপ-পরিচালক শামসুল আলম ও দুই সদস্য সহকারী পরিচালক এ এস এম সাজ্জাদ হোসেন এবং সহকারী পরিচালক এ এস এম তাজুল ইসলাম তাদের জিজ্ঞাসাবাদ করেন।
