বংশালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৮:২৩
রাজধানীর বংশালে ফুটবল খেলায় ঝগড়ার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গাফফার আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 
 
নিহতের পারিবারিক সূত্র জানায়, রবিবার রাতে বংশালের আগা সাদিক রোডে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 
 
নিহত গাফফারের বাবার নাম মোহাম্মদ আলী। তার বাসা বংশাল এলাকার ১৬, আবুল হাসনাত রোডের খাজে নেহাল জামে মসজিদের পাশে।
 
বংশাল থানার ওসি শহীদুর রহমান জানান, শনিবার আগা সাদিক রোডে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে ছোটন নামে এক যুবক ছুরিকাঘাতে আহত হন। এ ঘটনায় ছোটনের পরিবারের পক্ষ থেকে সাকিবসহ আরো বেশ কয়েকজনের নাম উল্লেখ করে বংশাল থানায় মামলা করা হয়। মামলা দায়েরের খবর পেয়ে সাকিব রবিবার রাতে গাফফারকে ছুরিকাঘাত করে।
 
এসময় গাফফারের লোকজন সাকিবকে মারধর করে। আশেপাশের লোকজন গাফফার ও সাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ হাসপাতাল থেকে সাকিবকে আটক করে। সোমবার সকালে গাফফার মারা যায়। 
 
ইত্তেফাক/কেকে