রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙা মসজিদ সড়কে ট্রাকের ধাক্কায় এপস ভিত্তিক পরিবহন সেবা ‘পাঠাও’ এর এক চালক নিহত হয়েছেন। তার নাম সোহেল পারভেজ (৩২)। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে তবে এর চালক পলাতক রয়েছে।
মোহাম্মদপুর থানা সূত্র জানায়, নিহত সোহেলের বাবার নাম ওয়াহিদুল ইসলাম। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার সদর থানার রেলপাড়া এলাকায়। বর্তমানে তিনি স্বপরিবারে ঢাকার হাজারীবাগ টালিপাড়ায় তারা ভাড়া বাসায় ভাড়া থাকতেন এবং এপস ভিত্তিক পরিবহন সেবা ‘পাঠাও’ এর মোটর সাইকেল চালাতেন। আজ সকালে তিনি ভাঙা মসজিদ সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহন হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তিনি মারা যান। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রেখেছে।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, যে ট্রাকের ধাক্কায় এই নিহতের ঘটনা ঘটেছে সেটি পুলিশ আটক করেছে। তবে ট্রাক চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন। তাকে গ্রেফতার করা চেষ্টা চলছে।
ইত্তেফাক/কেকে
