প্রধানমন্ত্রীকে এসএমএস করে লাখ টাকার কোরবানির গরু পেল জামালপুরের হিজড়া সম্প্রদায়

আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১১:৩১
জামালপুর সদরের হিজড়া পল্লীতে কোরবানির জন্য গরু উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে শেখ হাসিনার পক্ষে স্থানীয় জেলা প্রশাসক তাদের কাছে গরু হস্তান্তর করেন বলে জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন।
 
তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মোবাইলে একটি এসএমএস পান। সেখানে এসএমএস দাতা বলেন, তার নাম ময়ূরী। তিনি হিজড়া সম্প্রদায়ের একজন। ময়ূরী ঈদে তাদের কোরবানি দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে একটি গরু চেয়েছেন।
 
এসএমএস দেখার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একান্ত সচিব এম তোফাজ্জল হোসেন মিয়াকে নির্দেশ দেন ময়ূরীর ফোন নাম্বারে যোগাযোগ করে একটি কোরবানির গরু পাঠিয়ে দেয়ার জন্য।
 
পরে এম তোফাজ্জল হোসেন মিয়া ওই নাম্বারে ফোন করে জানতে পারেন ময়ূরী জামালপুর সদরে হিজড়া পল্লীতে থাকেন। সেখানে ৮৭ জন হিজড়া বসবাস করেন। একান্ত সচিব তাৎক্ষণিক জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরকে প্রধানমন্ত্রীর নির্দেশ পৌঁছে দেন। জেলা প্রশাসক সোমবার দুপুরে হিজড়া সম্প্রদায়ের কাছে একটি এক লাখ টাকার গরু এবং আনুষঙ্গিক খরচের টাকা হস্তান্তর করেন।
 
ইত্তেফাক/বিএএফ