কমলগঞ্জে স্ত্রীকে গলাটিপে হত্যা, ঘাতক স্বামী আটক

আপডেট : ২০ আগস্ট ২০১৮, ২২:৩৯

মৌলভীবাজারের কমলগঞ্জে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে নিহতের স্বামী। ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত ৩টায় উপজেলার মুন্সীবাজার ইউনিয়েনের ৭ নম্বর ওয়ার্ডের মইদাইল গ্রামে। স্ত্রী আরতী শব্দকরকে (৪০) হত্যার অভিযোগে স্বামী সুশেন্দ্র শব্দকরকে (৪৫) আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক চম্পক দাম জানান, মইদাইল গ্রামে স্ত্রীর পরকিয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক পর্যায়ে স্বামী সুশেন্দ্র শব্দকর তার স্ত্রী আরতী শব্দকরকে গলা চেপে ধরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে পুলিশের ধারণা।

সোমবার সকালে খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন পিপিএম, ওসি (তদন্ত) মোঃ নজরুল ইসলাম, উপ-পরিদর্শক চম্পক দামসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আরতী শব্দকরের মরদেহ উদ্ধার করে সোমবার দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় নিহতের ভাই অধির শব্দকর বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যার অভিযোগে একটি লিখিত এজাহার দাখিল করেছেন। স্থানীয় ইউপি সদস্য মোস্তফা মিয়া ও মইদাইল গ্রামের শব্দকর সম্প্রদায়ের নেতা উপেন্দ্র শব্দকর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় হত্যার অভিযোগে এজাহার দাখিল করা হয়েছে। পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে।

ইত্তেফাক/নূহু