গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জোয়ারিয়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের প্রায় ৭শ বিঘা জমির চারপাশে জোরপূর্বক বেড়া দিয়ে ঘিরে অবৈধ দখলের চেষ্টাসহ নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই এলাকার নির্যাতিত হিন্দু সম্প্রদায়ের মানুষ। সোমবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে জোয়ারিয়া এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হয় এবং সেখানেও বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় ভূমিদস্যু ও নির্যাতনকারীর বিচার দাবি করে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও প্রদান করে।
ভূক্তভোগী জমির মালিক প্রকাশ বিশ্বাস, অতুল মন্ডল, পিযূষ বিশ্বাস জানিয়েছেন, টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা এলাকার ভূমিদস্যূ ফোরকান শেখ জোয়ারিয়া এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ৭শ বিঘা জমির চারিদিকে বেড়া দিয়ে ঘিরে জবরদখলের পায়তারা চালাচ্ছে। ফলে ওই এলাকার দরিদ্র ও অসহায় মানুষগুলো তাদের জমিতেও যেতে পারছেন না। তারা তাদের জীবন জীবিকার অন্যতম মাধ্যম জোয়ারিয়ার বিলে মাছ ধরতে পারছে না। কেউ তাদের জমিতে যাওয়ার চেষ্টা করলে ফোরকান শেখের লোকজন তাদের ওপর অমানবিকভাবে অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে। বর্তমানে তারা অত্যন্ত অসহায় অবস্থায় দিন যাপন করছে। অর্ধাহারে, অনাহারে দিন কাটাচ্ছে।
IMG0
ভুক্তভোগীরা আরও জানায়, দুই দিন আগে ওই এলাকার এক জমির মালিক কমলাক্ষ্মী সরকার (৫৫) তার জমিতে গেলে বোরহান শেখ তাকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। বর্তমানে তিনি খুলনা আড়াইশ বেড জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ইত্তেফাক/নূহু
