সাভার উপজেলা যুবলীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডলের বিরুদ্ধে তার স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবলীগ নেতার ভাই বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মন্ডলকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় সাভারের বিরুলিয়া এলাকার সামাইর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তবে এ ঘটনার মূল অভিযুক্ত সেলিম মন্ডল পলাতক থাকায় পুলিশ এখনও তাকে গ্রেপ্তার করতে পারেনি। বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোনটি।
নিহত আয়েশা আক্তার বকুল (২৫) বিরুলিয়ার সামাইর গ্রামের সোহরাব হোসেনের কন্যা। ৪ বছর পূর্বে সাভার উপজেলা যুবলীগের সভাপতি সেলিম মন্ডলের সঙ্গে তার বিয়ে হয়। এটি সেলিম মন্ডলের ২য় বিয়ে ছিল।
এদিকে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠায় দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে সাভার উপজেলা যুবলীগের সভাপতি সেলিম মন্ডলকে যুবলীগ থেকে বহিস্কার করেছে কেন্দ্রীয় যুবলীগ। সোমবার দুপুরে যুবলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আনিসুর রহমান আনিস বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গত ২ আগস্ট আয়শা আক্তার বকুল সাভার থেকে নিখোঁজ হন। এরপরদিন ৩ আগস্ট মানিকগঞ্জের সিংগাইর এলাকার বায়ড়া ইউনিয়নের স্বরুপপুর গ্রামের একটি কলাবাগান থেকে এক অজ্ঞাত নারীর আগুনে পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। পরে ১৯ আগস্ট রবিবার বিকেলে নিখোঁজ যুবলীগ নেতার স্ত্রীর বড় ভাই উজ্জল হোসেন সিঙ্গাইর থানায় গিয়ে উদ্ধার হওয়া ওই নারীর লাশটি তার বোন আয়েশা আক্তার বকুলের বলে সনাক্ত করেন। এ ঘটনায় সিঙ্গাইর থানা পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে।
নিহতের ভাই উজ্জল হোসেন অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে সাভারের পৌর এলাকার মজিদপুর মহল্লায় ভাড়া বাড়িতে তারা বসবাস শুরু করে। বিভিন্ন কারণে সেলিম মন্ডলের সঙ্গে তার বোন আয়েশা আক্তার বকুলের পারিবারিক কলহ লেগেই থাকতো। গত মাসের ২৮ তারিখে তার বোন আয়েশা এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে যায়। এ সময় সেলিম মন্ডলও তার প্রথম স্ত্রীকে নিয়ে ওই অনুষ্ঠানে উপস্থিত হন। এ নিয়ে সেলিম মন্ডলের সঙ্গে তার বোনের কথা কাটাকাটি হয়। তখন সেলিম মন্ডল তার বোনকে ‘তোর ব্যবস্থা করতেছি’ বলে হুমকি দেয়। এ ঘটনার ৪ দিন পর ২ আগস্ট থেকে আয়েশা নিখোঁজ হন। পরদিন সেলিম মন্ডল সাভার থানায় তার স্ত্রী নিখোঁজের সাধারণ ডায়েরী করেন।
এ ব্যাপারে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, উদ্ধার হওয়া নারীর আগুনে পোড়া লাশটি আয়শা আক্তার বকুলের বলে সনাক্ত করেছেন তার পরিবারের সদস্যরা। তবে লাশের ডিএনএ টেষ্টের পর বিষয়টি আরো নিশ্চিত হওয়া যাবে। লাশ উদ্ধারের পর থেকে পলাতক থাকা নিহতের স্বামী সেলিম মন্ডলকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জনান, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযান চালিয়ে পলাতক যুবলীগ নেতা সেলিম মন্ডলের ভাই জুয়েল মন্ডলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত সেলিম মন্ডলসহ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/নূহু
