কাউখালী উপজেলার ঘাগড়ার যৌথখামার এলাকায় উপজাতী এক মারমা যুবককে গুলি ও জবাই করে নির্মমভাবে হত্যা করেছে অজ্ঞাতনামা সশস্ত্র উপজাতী সন্ত্রাসীরা। গতকাল সোমবার রাত নয়টার সময় এ ঘটনা ঘটে। নিহত মারমা যুবকের নাম অংসাজাই মারমা(৩৪)। সে যৌথখামার এলাকার জনৈক অংপাউ মারমার ছেলে এবং স্থানীয়ভাবে মুদি দোকান ব্যবসায়ী।
কাউখালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন হত্যাকাণ্ডের ঘটনা শুনেছেন জানিয়ে বলেন লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছেন। অপরদিকে কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী নিহত অংসাজাই মারমা আওয়ামী লীগের সমর্থক বলে জানিয়ে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শান্তিপূর্ণ উপজাতী অধ্যুষিত এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংক দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সুত্র জানায়, কাউখালী-ঘাগড়া সড়কের যৌথ খামার এলাকায় মুদি দোকান করেন অংসাজাই মারমা। সকলের নিকট অত্যন্ত সরল এবং ভদ্র হিসেবে পরিচিত তিনি। প্রতিদিনের মতো গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে আটটার সময় দোকান বন্ধ করে পার্শ্ববর্তী তার বাড়িতে যান। বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পর গোসল করার জন্য বাইরে গেলে পূর্ব থেতে ওৎ পেতে থাকা অজ্ঞাতনামা একদল সশস্ত্র উপজাতী সন্ত্রাসী তাকে গুলি করে। গুলি করার পর মাটিতে লুটিয়ে পড়লে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
খবর পেয়ে কাউখালী থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা দিয়েছেন। ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীস চাকমা জানান, অংসাজাই মারমা একজন নিরীহ ব্যবসায়ী এবং আঞ্চলিক কোন গ্রুপের সঙ্গ জড়িত নয়। দীর্ঘদিন যাবৎ যৌথখামার এলাকায় মুদি দোকান দিয়ে বেশ স্বাচ্ছন্দে জীবন যাপন করছিলেন।
ইত্তেফাক/নূহু
