বকশীগঞ্জ-মেরুরচর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২১ আগস্ট ২০১৮, ০২:৩৫

সড়কের দুই পাশের মাটি সরে গিয়ে ব্রিজ ভেঙে যাওয়ায় বকশীগঞ্জ-মেরুরচর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে চরাঞ্চলের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগে মেরুরচরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ। ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

জানা গেছে, গত বছর বন্যায় তীব্র স্রোতে রাস্তার দুই পাশের মাটি সরে যাওয়ায় মেরুরচর ইউনিয়নের মেরুরচর-আউলপাড়া সড়কের একটি ব্রিজ ভেঙে যায়। পরে ব্রিজের দুই পাশে বালির বস্তা ফেলে ভাঙা ব্রিজের উপর দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করে আসছিল এলাকাবাসী। ঝুঁকি নিয়ে পারাপার হতে গিয়ে একাধিকবার হতাহতের ঘটনা ঘটে। তবুও চলাচল করে আসছিল মেরুরচর, ফকিরপাড়া, কলকিহারা, ইসলামপুর উপজেলার কাছিমারচর, গোয়ালেরচরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ। গত বৃহস্পতিবার রাতে ব্রিজটির নিচ থেকে মাটি সরে গিয়ে একপাশের পুরা অংশই ভেঙে যায়। এতে করে বকশীগঞ্জ-মেরুরচর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

এ ব্যাপারে আউলপাড়া গ্রামের বাসিন্দা ইয়াছিন মিয়া জানান, ব্রিজটি অনেক পুরনো। গত বছর বন্যায় ভেঙে পড়েছে। কিন্তু এক বছরেও সমাধানের উদ্যোগ নেয়া হয়নি।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিন মাহমুদ কর্নেল বলেন, সামনে ঈদ, ব্রিজটি ভেঙে যাওয়ায় ঈদে ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান জানান, গত বছরের বন্যায় মেরুরচর-আউলপাড়া সড়কের একটি ব্রিজসহ বেশ কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থ বরাদ্দের অভাবে নতুন ব্রিজ করা সম্ভব হয়নি। দ্রুতই ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান সিদ্দিক বলেন, মানুষের যেন দুর্ভোগ পোহাতে না হয় সেজন্যে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/নূহু