কদর বেড়েছে খাটিয়ার

আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১৩:৪৩
ঈদুল আজহা বুধবার। এরই মধ্য অনেকে কিনেছেন কোরবানির পশু, আবার অনেকেই কেনার অপেক্ষায়। ঈদুল আজহাকে কেন্দ্র করে দা, বটি, ছুরি, চাপাতি ক্রয় ও মেরামত করাও প্রায় শেষে। এখন কদর বেড়েছে মাংস কাটার খাটিয়ার।  
 
মঙ্গলবার সকালে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাসস্ট্যান্ডসহ বিভিন্ন জায়গায় গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা খাটিয়া সাজিয়ে বসেছে বিক্রয়ের জন্য। ১’শ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪’শ টাকায় বিক্রি হচ্ছে এসব খাটিয়া।
 
খাটিয়া বিক্রেতা বাদশা মিয়া জানান, এই খাটিয়ায় তৈরিতে সাধারণত তেঁতুল ও নিম কাঠ ব্যবহার করা হয়। কারণ এ কাঠগুলো অন্য কাঠের চেয়ে শক্ত। তিনি আরও জানান, মূলত মাংস কাটার কাজে এই খাটিয়া ব্যবহার হয়। 
 
কথা হয় ক্রেতা একাব্বর হোসেন পুটুর সঙ্গে। তিনি বলেন, প্রতি বছর ঈদুল আজহায় শখ করে একটি করে খাটিয়া কিনি। মাংস কাটার কাজে এটি ব্যবহার করি। খাটিয়া কেনাটাও ঈদের একটি আনন্দ।
 
কাঠ ব্যবসায়ী মাসুদ জানান, তারা প্রতি বছর কোরবানির ঈদে বিভিন্ন ছ’মিল থেকে ছোট ছোট গুড়ি ক্রয় করেন। এরপর সেগুলো মাংস কাটার উপযোগী করে নির্দিষ্ট মাপে টুকরা করে খাটিয়া তৈরি করে বাজারে বিক্রয় করেন। 
 
ইত্তেফাক/জেডএইচ