ফিল্মি স্টাইলে রাজধানীর বাড্ডার লিংক রোডের প্রিমিয়ার ব্যাংকে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, ব্যাংকটির লিংক রোড শাখায় অস্ত্র নিয়ে একজন ডাকাত ব্যবস্থাপকের কক্ষে ঢুকে তাকে কোনো কথা বলতে না করেন। কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে বার্তা দিতে বলেন।এক পর্যায়ে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীদের বলরুমে ঢুকে যেতে নির্দেশ দিতে বলে ব্যবস্থাপককে। সবাই বলরুমে ঢুকলে ৩টি ক্যাশ কাউন্টার থেকে ২৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাত। সঙ্গে সিসি ক্যামেরার ডিভিডিও নিয়ে যায়।
প্রিমিয়ার ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সৈয়দ নওশের আলী বলেন, বিষয়টি আমি শুনেছি। এ নিয়ে আমাদের কাজ চলছে। সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা পুলিশের সঙ্গে কাজ করছেন।
বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বাড্ডায় ব্যাংক ডাকাতির হয়েছে বলে শুনেছি। বিষয়টা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/বিএএফ
