লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত

আপডেট : ২১ আগস্ট ২০১৮, ২০:২০
দোকানের পাওনা টাকা চাওয়ায় লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নুরনবী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার উত্তর হামছাদীর মুক্তারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত ব্যবসায়ী ওই এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহআলম পলাতক রয়েছেন।
 
পুলিশ, স্বজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু জানান, সদর উপজেলার হামছাদীর মুক্তারামপুর এলাকায় মুদি দোকানের ব্যবসা করে আসছিলেন নুরনবী। একই এলাকার শাহেদ উল্যাহর ছেলে শাহআলমের কাছে নুরনবী দোকানের কিছু বকেয়া টাকা পাওনা ছিল।
 
মঙ্গলবার বিকেলে ওই পাওনা টাকা চাইলে শাহআলম ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এতে ব্যবসায়ী নুরনবী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
 
সদর থানার ওসি মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত শাহআলমকে আটক করতে অভিযান ও মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/আরকেজি