আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারেক রহমানের সরাসরি নির্দেশে একুশে আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা, নীল নকশা ও বাস্তবায়ন হয়েছে।
মঙ্গলবার নোয়াখালীর কবিরহাট উপজেলার হাজী ইদ্রিস চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ‘একুশে আগস্ট গ্রেনেড হামলা’ দিবস উপলক্ষে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই ২০০৪ সালের ২১ আগস্ট এ হামলা চালানো হয়েছে। সেদিন শেখ হাসিনাকে হারালে আজকের এই উন্নয়নের বাংলাদেশ দেখা যেতো না।’
মন্ত্রী বলেন, ‘গত ৯ বছরে শেখ হাসিনা সরকার যে উন্নয়ন করেছে গত ১শ’ বছরে এই উন্নয়ন হয়নি। বিএনপি কথায় কথায় সংলাপের কথা বলে। কাদের সাথে সংলাপ করবো। ‘৭৫-এ বঙ্গবন্ধু’র হত্যাকারীদের বিচার যাতে না হয় সেই জন্য ইনডেমনিটি বিল করেছেন, হত্যাকারীদের পুরস্কৃত করেছেন জিয়াউর রহমান। হামলাকারীদের সাথে কোনো সংলাপ হবে না। হতে পারে না।’
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি। বাসস।
ইত্তেফাক/বিএএফ
