ঈদের দিনও পুলিশ আমাকে বাড়ি থেকে বের হতে দেয়নি: মওদুদ

আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ১৩:৫০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমার ঈদের শুভেচ্ছা বিনিময়ের ওপর পুলিশ নিষেধাজ্ঞা জারি করেছে। ঈদের দিন বিকালে নেতাকর্মীদের সঙ্গে বসুরহাট বাজার ও ভুঞারহাট বাজারে গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করার কথা ছিল। পুলিশ আমাকে বাড়ি থেকে বের হতে দেয়নি।
 
বুধবার বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে মানিকপুর গ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
 
বিএনপির এই নেতা জানান, কোম্পানীগঞ্জের ওসি আসাদুজ্জামান তাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন। ডিবি পুলিশ তার বাড়ির সামনে অবস্থান নিয়েছে। বাড়ির সামনে-পেছনে বিভিন্ন স্থানে পুলিশ অবস্থান করেছে। পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় কর্মীরা তার বাড়ির সামনে ও পেছনে মহড়া দিচ্ছে।
 
তিনি বলেন, আমি ক্ষমতায় নেই, আমার বিরুদ্ধে জনরোষ হবে কেন। সরকারি দল বলে যাচ্ছে জনরোষের কারণে আমাকে পুলিশ নিরাপত্তা দিয়ে যাচ্ছে। যারা বিরোধী দলে থাকেন তারা জনরোষে পড়ে এটা জানতাম না। জনরোষ হয় যারা ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে।
 
‌‌‌‌‌তিনি আরও বলেন, ওবায়দুল কাদেরের এ আচরণ আমাকে মর্মাহত করেছে। আমি মনে করেছিলাম ওবায়দুল কাদেরের এলাকায় গণতন্ত্রের চর্চা থাকবে। কিন্তু এখন দেখা যাচ্ছে তার এলাকায় গণতন্ত্রের বিন্দুমাত্র চর্চা নেই।
 
আন্দোলন কর্মসূচির বিষয়ে মওদুদ আহমেদ বলেন, সময় আসলে কর্মসূচি দেয়া হবে। সে কর্মসূচিতে থাকবে- নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি হবে। পার্লামেন্ট ভেঙে দেয়া হবে। আবার দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য ঐক্যবদ্ধ হবে।
 
ইত্তেফাক/এএম