জামালপুর পৌরসভার গেটের সামনে একটি পামগাছ বিদ্যুতের খুঁটি নিয়ে একটি যাত্রীবাহী ব্যাটারী চালিত ইজিবাইকের উপড় আঁচড়ে পড়ে। এ ঘটনায় মোখলেছুর রহমান (৪০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জামালপুর পৌরসভা কার্যালয়ের গেট সংলগ্ন একটি পামগাছ আকস্মিকভাবে পিডিবির বৈদ্যুতিক লাইনের উপর আছড়ে পড়ে। এতে বিদ্যুতের একটি খুঁটি ভেঙে শহরের প্রধান সড়কে চলাচলকারী একটি ইজিবাইককে চাপা দেয়। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মোখলেছুর রহমানকে মৃত ঘোষণা করেন।
নিহত মোখলেছুর পৌরসাভার যোগীরগোপা এলাকার বাসিন্দা মৃত মনসুর আলীর ছেলে বলে জানা গেছে। জামালপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শফিকুজ্জামান জানান, দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন সদর উপজেলার বন্দরৌহা গ্রামের নূর ইসলামের স্ত্রী রাশেদা বেগম (২৪), পৌর শহরের পাথালিয়া এলাকার বাসিন্দা মফিজ উদ্দিনের ছেলে নূর মোহাম্মদ (৪০) এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা আব্দুর রহমানের মেয়ে রোকেয়া (৫৫)।
তিনি আরো জানান, গুরুতর আহত নূর মোহাম্মদের অবস্থা চরম অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া দুজন চিকিৎসাধীন বলে জানান তিনি।
এদিকে এ দুর্ঘটনায় বিদ্যুতের খুঁটি ভেঙে ব্যাপক ক্ষতি হওয়ায় বকুতলা ও দেওয়ানপাড়াসহ হাসপাতাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে পিডিবি লাইন মেরামত শেষে বৈদ্যুতিক ব্যবস্থা পুনরায় চালু করে।
এ বিষয়ে জামালপুর পৌরসভার প্যানেল মেয়র রাজিব সিংহ সাহা বলেন, ‘কোনো ঝড়-বৃষ্টি নয়, পামগাছটি দীর্ঘদিনের পুরানো হওয়ায় এটি আকস্মিক ভেঙ্গে পড়ে দুর্ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
