ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স সামলাচ্ছেন স্যাকমোরা

আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ১২:০৬
ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা দিচ্ছেন ডিপ্লোমাধারী উপসহকারী কমিউনিটি চিকিৎসক কর্মকর্তারা (সেকমো)। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বলছেন, চিকিৎসক-সংকট থাকায় সেকমোদের দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
 
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৩১শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে তুলানামূলক জনবল কম। ৯জন চিকিৎসকের পদ থাকলেও কাগজ কলমে কর্মরত আছেন ২জন। শুধু চিকিৎসক নন স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নকর্মীরও সংকট চলছে। ৫জন পরিচ্ছন্নকর্মীর জায়গায় কাজ করছেন ৪জন।
 
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আব্দুর রউফ ও মোছা. শামসাদ জাহান জানান, চিকিৎসকের অভাবে তাদেরই বহির্বিভাগ ও জরুরি বিভাগে আসা রোগীদের প্রাথমিক চিকিৎসা দিতে হচ্ছে। তবে জটিল ও জরুরিসহ রোগীদের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকিৎসা দিয়ে থাকেন।
 
আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সঞ্জয় কুমার গুপ্ত বলেন, বহির্বিভাগে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। এছাড়াও অন্তর্বিভাগে সব সময় ৩০জনের অধিক রোগী চিকিৎসাধিন থাকছেন। বর্তমানে কর্মরত দুইজন চিকিৎসক দিয়ে এত রোগী সামাল দেওয়া কোনভাবেই সম্ভব হচ্ছে না।
 
এ কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৭জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) দিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে জরুরি ও গুরুতর রোগীদের তারাই চিকিৎসা দিয়ে থাকেন।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলাম বলেন, চিকিৎসক সংকট ছাড়া অন্যান্য বিষয়ের পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে। তবে কাঙ্খিত পরিচ্ছন্নতা পাওয়া যাচ্ছে না। এ ক্ষেত্রে রোগীদের সচেতনতাও জরুরি।
 
ইত্তেফাক/আরকেজি