মিনি কক্সবাজারে মানুষের ঢল

আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ১৯:০২
মেঘনা নদীর বিশাল জলরাশি, মাতাল হাওয়া। মাথার উপর প্রখর সূর্যতাপ। কিছুই রুখতে পারেনি দর্শনার্থীদের বাঁধভাঙ্গা জোয়ারকে। দলে দলে শিশু-কিশোর, তরুণ-তরুণী, প্রেমিক-প্রেমিকারা হাজির হয়েছিল বিশনন্দি ফেরিঘাটের মেঘনা নদীর তীরে। মেঘনা নদীর তীরেই বালুভরাট করা প্রস্তাবিত কৃষি ইন্সটিটিউট এর বিশাল বালুকাপ্রান্তরে বসেছিল এক মিলন মেলা।
 
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নসিমন, ভটভটি, সিএনজি, মিনি ট্রাক, মোটর সাইকেল ও প্রাইভেটকারযোগে তরুণ-তরুণীর দল বিশনন্দি ফেরিঘাটে হাজির হয়। ঈদুল আজহার দিন বিকাল থেকেই প্রখর রৌদ্রতাপ উপেক্ষা করে এখানে উচ্ছল তারুণ্যের ঢল নামে। নতুন জামাকাপড় পরে তরুণ-তরুণীর দল ঈদের গান গেয়ে আনন্দ উপভোগ করে। মুখে গাইতে না পারলেও অনেকে সাউন্ড সিস্টেম বাজাতে থাকে। 
 
স্থানীয় কয়েকজনের সঙ্গে আলাপকালে তারা জানান, ঈদ উপলক্ষে  অনেক আগে থেকেই প্রস্তুতি ছিল। মেঘনা নদীর তীরের এই বালুময় প্রান্তরে দোকানের  আয়োজন করেছিলাম। আমাদের আয়োজন ছিল অল্প। এত সারা পাব ভাবতেও পারিনি।
 
ইত্তেফাক/জেডএইচ