বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের ঘোষিত কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ একজনকে রামদাসহ আটক করেছে।
শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে সদর রোডে বিএনপির কার্যালয় চত্বরে সদ্য ঘোষিত ছাত্রদলের জেলা ও মহানগর কমিটির পদ-পদবী প্রাপ্তদের সঙ্গে পদ বঞ্চিতদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
সংশ্লিষ্টরা জানায়, সম্প্রতি কেন্দ্রীয় ছাত্র দল বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করে। এতে যারা পদ পাননি তারা ক্ষুব্ধ হন। আজ তারা বিএনপির কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে অবস্থান নিয়ে ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে নতুন কমিটি গঠনের দাবি জানান। বেলা পৌনে ১২টায় নতুন কমিটি একই স্থানে উপস্থিত হলে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায় হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ পদ বঞ্চিত পক্ষের একজনকে একটি রামদাসহ আটক করে। এর কিছু সময় পর দুই পক্ষ ওই এলাকা ত্যাগ করে। পুলিশ জানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
IMG0
উল্লেখ্য, সম্প্রতি মাহফুজুল আলম মিঠুকে সভাপতি, কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বরিশাল জেলা কমিটি এবং রেজাউল করিম রনিকে সভাপতি ও হুমায়ন কবিরকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এ ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী সাইফুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক প্রার্থী সোহেল রাঢ়ী মহানগর ছাত্র দলের সভাপতি প্রার্থী আরিফুর রহমান মুন্না ও সাধারণ সম্পাদক প্রার্থী আরিফুল ইসলাম (জনি) ক্ষুব্ধ হয়ে তাদের সমর্থকদের নিয়ে সদর রোডস্থ বিএনপি কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ মিছিল করে।
ইত্তেফাক/জেডএইচ
