কিশোরগঞ্জের মিঠামইনে ঈদ উপলক্ষে প্রীতি ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আখতারউদ্দিন (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে চরকাটখাল বাজারে এ ঘটনা ঘটে। আহতদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল ও মিঠামইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আখতারউদ্দিনের বাড়ি মিঠামইন উপজেলার চরকাটখাল গ্রামে।
মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে চরকাটখাল মসজিদ সংলগ্ন মাঠে কিশোরদের ফুটবল খেলা নিয়ে হাশিম গ্রুপ ও হক গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে চরকাটখাল বাজারে দুই গ্রুপের মধ্যে প্রথমে পুনরায় বাকবিতণ্ডা হয়। পরে উভয় গ্রুপ দেশিয় অস্ত্রা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আখতারউদ্দিনের তলপেটে দেশিয় অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়।
মিঠামইন থানার ওসি আলীমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
