যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ২১:৩১
যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঈদের পর দিন বৃহস্পতিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গোদনাইল শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ স্বামী জনিকে গ্রেফতার করেছে। 
 
জানা যায়, পাঁচ বছর আগে জনির সঙ্গে আলোর বিয়ে হয়। তাদের দুই বছরের একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায় সময় স্ত্রী আলোকে মারধর করতো। সংসারের খরচ জনি বহন করতে না পারায় স্ত্রী আলো একটি গার্মেন্টেসে চাকরি করে সংসার চালাতে থাকে। এরপরও যৌতুকের দাবিতে জনি তার স্ত্রী আলোকে মারধর করত। ঘটনার দিন রাতে ঘরে থাকা ঘুড়ি উড়ানোর নাটাই দিয়ে স্ত্রী আলোকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এসময় স্বামী জনিকে আটক করে ও ঘটনাস্থল থেকে একটি ঘুড়ির উড়ানোর নাটাই ও রক্তমাখা কাপড় উদ্ধার করে পুলিশ।
 
নিহত আলো মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার শেলামতি গ্রামের মৃত রফিকের মেয়ে। বাবা-মা মারা যাওয়া মামা আদরের কাছেই বড় হয়েছে। জনির বাবার নাম বাবুল আক্তার। তার বাড়ি সিদ্ধিরগঞ্জের গোদনাইল শান্তিনগর এলাকায়। নিহতের মামা আদর এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছে।  
 
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন জানান, লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আলোকে পিটিয়েই হত্যা করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 
 
ইত্তেফাক/জেডএইচ