ডেঙ্গু জ্বরে আক্রান্ত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ

আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ২১:৪১

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঈশ্বরদী হতে ঢাকায় নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিমন্ত্রীর পুত্র সাকিবুর রহমান শরীফ মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠ হতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় রওনা দেয়।

সাকিবুর রহমান শরীফ জানান, গত ২০শে আগস্ট কেবিনেট মিটিং শেষ করে ওই রাতেই তিনি ঈশ্বরদী আসেন। ঢাকায় থাকার সময় তিনি জ্বরে আক্রান্ত হয়েছিলেন। শরীরে জ্বর নিয়েই ভূমিমন্ত্রী ঈদের দিন বৃষ্টিতে ভিজে নিজ গ্রাম লক্ষ্মীকুন্ডায় ঈদের নামাজ আদায় করেন এবং গ্রামবাসীর সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন। এছাড়া মন্ত্রী ঈদের পরের দিন বৃহস্পতিবার শারীরিক অসুস্থতা উপেক্ষা করে ঈশ্বরদী শহরের বাসভবনে ইউনিয়ন, ওয়ার্ড কমিটি, অংগ সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় করেন। বৃষ্টিতে ভেজার কারণে জ্বর বেড়ে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। ঢাকায় পরীক্ষা নিরীক্ষার পর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে।

এদিকে ভূমিমন্ত্রীর অসুস্থ হওয়ার খবর ঈশ্বরদীতে ছড়িয়ে পড়লে মসজিদে মসজিদে মুসুল্লিরা জুম্মার নামাজের পর তার জন্য দোয়া প্রার্থনা করেন।

ইত্তেফাক/নূহু