ঈদের ছুটিতে সড়কে ঝরল ৩১ প্রাণ

আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ০১:০১

ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে সড়কে ঝরে গেল ৩১ প্রাণ। এ সময় অনেকে আহত হয়েছেন। এর মধ্যে গতকাল বিকালে ফেনীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও দু’জন আহত হয়েছেন। হতাহতরা সকলেই অটোরিকশার আরোহী। একইদিন একই স্থানে ফেনীতে সকালে সড়ক দুর্ঘটনায় অপর এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া অন্যান্য স্থানে সড়ক দুর্ঘটনায় কলেজ-স্কুলছাত্রসহ ২৪ জন নিহত হয়েছেন। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।

ফেনী : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজের নিকট ভাঙ্গা তাকিয়ায় ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহত ও দু’জন আহত হয়েছেন। হতাহতরা অটোরিকশার আরোহী। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদ খান চৌধুরী জানান, গতকাল বিকাল ৫টার দিকে জেলা সদরের ফাজিলপুর থেকে রং সাইড দিয়ে আসা অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। নিহতরা ফেনী সদর থানার বাসিন্দা বলে জানা গেছে। ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার নাজমুল হাসান জানান, নিহতদের এখনও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে একই স্থানে দুপুরে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গোপালগঞ্জ : পৃথক সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২১ জন। মঙ্গলবার ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া ও ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজার রহমান জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী একটি লোকাল বাস ছাগলছিড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মুকসুদপুর উপজেলার বর্নি গ্রামের কামরুজ্জামানের স্ত্রী রোজিনা বেগম, মাদারীপুরের রাজৈর উপজেলার ওমরখালী গ্রামের আবু বক্কার মোল্লার স্ত্রী নাহিদা ইসলাম নূপুর, ভাঙ্গা উপজেলার রউফ মোল্লার ছেলে আব্দুর রব মোল্লা মারা যান। আহত হন বাসের আরও ২০ যাত্রী। ফরিদপুর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মাদারীপুর বাসস্ট্যান্ড এলাকার নুরুল ইসলামের স্ত্রী সুবর্ণা বেগম মারা যান। অন্যদিকে সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়ায় বাস-প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে ব্যাংকার এস.এম আরাফাত হোসেন প্রিন্স ও তার ফুফাতো ভাই আর্কিটেক্ট প্রকৌশলী জুয়েল মারা যান।

কুমিল্লা : ঈদের ছুটিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় মা ও মেয়েসহ চারজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন সন্ধ্যা সাড়ে ৬টায় মহাসড়কের ময়নামতি নাজিরাবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় ফারজানা আক্তার (৩২) ও তার মেয়ে আসফিয়া আমজাদ (১১) ঘটনাস্থলে নিহত হন। গৃহবধূ ফারজানা আক্তার জেলার বুড়িচং উপজেলার উদয়নবাগ গ্রামের আশরাফুজ্জামানের স্ত্রী। এদিকে একইদিন রাতে জেলার লাকসাম উপজেলার বিজড়া এলাকায় বাসের চাপায় আল আমিন (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আল আমিন লক্ষ্মীপুর জেলার রায়পুর এলাকার বাসিন্দা। অপরদিকে ঈদের পরদিন দুপুরে মহাসড়কের দাউদকান্দি উপজেলার গাজীপুর এলাকায় বাস উল্টে সড়কের পাশে খাদে পড়ে মো. রুবেল (২৪) নামে এক বাসযাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ যাত্রী। রুবেল চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা।

বগুড়া : বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার মাঝিড়া বাসস্ট্যান্ড এলাকায় বুধবার বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, অটোরিকশার যাত্রী শাজাহানপুর উপজেলার আলিমুদ্দিন প্রামাণিক, বাচ্চু প্রামাণিকের স্ত্রী মঞ্জুয়ারা বেগম ও অটোরিকশার চালক শফিকুল ইসলাম। শাজাহানপুর থানার এসআই সুশান্ত কুমার সাহা জানান, আহত দুইজনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তির পর একজন মারা যান। বাসটি আটক করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গা ও ঝাঐলে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন গরু ব্যাপারী নিহত ও অন্তত ৯ জন আহত হয়েছেন। বুধবার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকা ও হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাতিয়ার পাড়া গ্রামের মনসুর আলী (৪০)। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ ও পুলিশ জানায়, দুপুরে ঢাকা থেকে গরুর ব্যাপারীদের নিয়ে একটি ট্রাক শাহজাদপুরে যাচ্ছিল। ট্রাকটি ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি মহাসড়কের উপর উল্টে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে অজ্ঞাত আরও এক ব্যাপারীর মৃত্যু হয়। অপরদিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গার চড়িয়া কামারপাড়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ ট্রাকের ছয়যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাতপরিচয় এক গরু ব্যাপারীর মৃত্যু হয়।

কক্সবাজার : উখিয়ার উপকূলীয় মেরিন ড্রাইভ সড়কে শুক্রবার সকালে টমটমের ধাক্কায় স্কুলছাত্র জাফর আলম (৮) নিহত হয়। সে উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের সোনার পাড়া গ্রামের আলী হোছনের ছেলে। সে উখিয়ার সোনার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। অপরদিকে গতকাল কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস মোড়ে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোহাম্মদ বাপ্পি (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ব্যাটারিচালিত অটোবাইকের ধাক্কায় ব্যবসায়ী আবুল বাশার ওরফে বশর বাইন্না (৮০) নিহত হয়েছেন। ঈদের দিন বুধবার এ ঘটনা ঘটে। তিনি পাইকপাড়ার নিজ বাড়ি থেকে বতকা বাজারে নিজের দোকানে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন।

নীলফামারী : ঈদের দিন সন্ধ্যায় নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়কের ইকু জুট মিলের কাছে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে আক্তারুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

নড়াইল : মহাজন ইসলামপুর রাস্তায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় আকাশ শেখ নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে নড়াগাতি থানার সরোয়ার শেখের ছেলে ও মহাজন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

সখীপুর : সখীপুরে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের ওয়্যার হাউজ (ইন্সপেক্টর) পরিদর্শক আবদুস সামাদ নিহত হয়েছেন। ঢাকার মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।

শ্যামনগর : শ্যামনগরে গতকাল মোটরসাইকেলের ধাক্কায় ছবুরভান বিবি নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রাঙ্গামাটি : শহরের মানিকছড়িতে গতকাল যাত্রীবাহী বাসের চাপায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. শাহেদ।

ইত্তেফাক/নূহু