চন্দনাইশে স্থানীয়দের অর্থায়নে খালে ব্রিজ নির্মাণ

আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১১:৫৯
চট্টগ্রাম জেলার চন্দনাইশ পৌরসভার মধ্যে দিয়ে প্রবাহিত বরুমতি খালের উপর স্থানীয় বাসিন্দাদের অর্থায়নে নির্মাণ করা হচ্ছে ব্রিজ। তারা চাঁদা তুলে নিজ উদ্যোগে এ ব্রিজটি নির্মাণ কাজ শুরু করেছেন।
 
এলাকাবাসী জানান, পৌরসভার ৮-৯নং ওয়ার্ডের বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে বরুমতি খালের উপর তালুকদার পাড়া জামে মসজিদ সংলগ্ন স্থানে নির্মাণ করা হচ্ছে ব্রিজটি। এতে ব্যয় হবে প্রায় ১৪-১৫লাখ টাকা।
 
জানা যায়, বরুমতি খালের এ অংশে দীর্ঘ দিন ধরে কোন ব্রিজ না থাকায় এলাকাবাসীদের ক্ষেত-খামারে এবং শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষত বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে সমস্য প্রকট আকার ধারণ করে।
 
স্থানীয় বাসিন্দা মনছেপ আলী ও নাদের মিয়া অভিযোগ করে বলেন, পৌর মেয়র ও জাতীয় সংসদ সদস্যরা নির্বাচনের সময় নানা ফুলঝুড়ির প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ হয়নি। যার কারণে স্থানীয়রা প্রত্যেক পরিবার থেকে চাঁদা তুলে এ ব্রিজটি নির্মাণ কাজ শুরু করেছেন।
 
ওয়ার্ড কাউন্সিলর খোরশেদুল আলম সবুজ জানান, ব্রিজটি নির্মাণ করা হচ্ছে বলে লোকমুখে শুনেছি। তবে কে বা কারা করছেন তা তিনি জানেন না। পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা জানান, এটিসহ ৩টি ব্রিজ অনুমোদনের জন্য পাঠানো হয়। তবে এ ব্রিজটি অনুমোদন দেয়া হয়নি।
 
ইত্তেফাক/আরকেজি