গোপালগঞ্জে পৃথক সংঘর্ষে পুলিশসহ আহত ৭৫

আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১৬:৪৩
গোপালগঞ্জে পৃথক সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৭৫ জন আহত হয়েছেন। শনিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া, কোটালীপাড়া উপজেলার হিরণ ও কান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে নিজড়া, হিরণ ও বার্ষাপাড়া  গ্রামে ৮-১০ বাড়ি ভাংচুর করা হয়। 
 
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, শুক্রবার সদর উপজেলার নিজড়া ইউনিয়নের দুয়ানী পাড়া মাঠে বটবাড়ি ও উত্তরপাড়া গ্রামের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উত্তরপাড়া গ্রামের সমর্থক রাসেল শেখের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তরাপাড়া ফুটবল দলের খেলোয়াড় রফিক শেখ ও তারা শেখ তাকে মারধর করে। এ নিয়ে শনিবার সকালে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। 
 
গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। 
 
এদিকে ঈদের পরের দিন কোটালীপাড়া উপজেলার বর্ষপাড়া মাঠে বর্ষাপাড়া ও হিরণ গ্রামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল খেলার সময় দু’ দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। শনিবার সকালে বর্ষাপাড়া গ্রামের মাদ্রসা ছাত্র হাসান শেখকে হিরণ গ্রামের লোকজন মারপিট করে। এ নিয়ে  সকাল ৮ টার দিকে দু’ গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কোটালীপাড়া থানার এসআই মুজাহিদ ও মোশারফসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। 
 
অন্যদিকে এদিন সকালে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের হাসমত শেখ সরকারি জায়গায় ঘর তোলেন। এ নিয়ে ওই গ্রামের ইস্রাফিলের সঙ্গে হাসমতের কথা কাটকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। 
 
 
ইত্তেফাক/ইউবি