কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১

আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১৫:৫৩
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় প্রতিপক্ষের হামলায় বাবুল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকালে গোপদিঘী ইউনিয়নের বজকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত বাবুল মিয়া ওই গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে।
 
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বজকপুর গ্রামের মো. আমির হোসাইনের সঙ্গে গোপদিঘী ইউনিয়নের বর্তমান মেম্বার দুলাল মিয়ার গত দুই বছর যাবত জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ ও মামলা চলছিলো। শুক্রবার রাতেও দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এর জেরে শনিবার সকালে দুলাল মেম্বারের নেতৃত্বে তার পক্ষের লোকজন আমির হোসাইন ও তার ভাই-ভাতিজার বাড়িঘরে হামলা চালায়। একপর্যায়ে বল্লমের আঘাতে আমির হোসাইনের ভাতিজা বাবুল মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। তাকে দ্রুত কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
মিঠামইন থানার ওসি আলিমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে দায়েরকৃত বেশ কয়েকটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ