ক্ষেত রক্ষার বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যু

আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১৫:৫৭
ক্ষেত রক্ষার জন্য দেওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। শনিবার ময়নাতদন্ত রিপোর্টে এ তথ্য বেরিয়ে এসেছে।  ঘটনাটি ঘটে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জঙ্গল বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকায়। 
 
জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টা থেকে ৪টার মধ্যে ৩টি হাতির একটি দল উক্ত এলাকায় আসে। একটি হাতি চিচিঙ্গা ক্ষেতের পাশে মারা যায়। শুক্রবার সকালে  বিষয়টি সংশ্লিষ্টরা জানার পর হাতিটিকে ময়নাতদন্তের ব্যবস্থা করেন।      
 
কুমিরাঘোনা এলাকার ইউপি সদস্য মোহাম্মদ বেলাল জানান, জঙ্গল বড়হাতিয়ার কুমিরাঘোনা এলাকার পইথ্যারঘোনায় মো. আবদুল হাকিমের ছেলে মোহাম্মদ ইসলাম ৪ শতক জায়গায় চিচিঙ্গা ক্ষেত করেন। ক্ষেত রক্ষার্থে ক্ষেতের চারিদিকে বৈদ্যুতিক তার দেওয়া হয়। ওই ক্ষেতের পাশে হাতিটি মারা অবস্থায় দেখে তিনি সংশ্লিষ্টদেরকে খবর দেন।
 
চুনতি অভয়ারণ্যের বিট কর্মকর্তা এটিএম গোলাম কিবরিয়া জানান, মোহাম্মদ ইসলামের চিচিঙ্গা ক্ষেত রক্ষার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে হাতিটি মারা গেছে। এ ব্যাপারে মোহাম্মদ ইসলামের বিরুদ্ধে বন্যপ্রাণী অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/জেডএইচ