যুবলীগের নেতা কর্তৃক শহীদ মিনার ভাঙচুর ও এক মানবাধিকার কর্মীর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন- সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার হাসানুল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মেমিন, মুক্তিযোদ্ধা সহিল উদ্দীন, জিয়াদ আলী, সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম রিপন হাওয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারটি ভেঙ্গে ফেলেছে এবং এক মানবাধিকার কর্মীকে মারপিট করে লাঞ্ছিত করেছে। সেই সঙ্গে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমানকেও লাঞ্ছিত করেছে। এসব ঘটনার দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। রিপনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তারা।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালি গ্রামের আলাউদ্দীন ২০ হাজার টাকা খরচ করে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার নির্মাণ করেন। নির্মাণের চারদিন পরেই স্থানীয় বিরোধের জের ধরে যুবলীগ নেতা রিপন শহীদ মিনারটি ভেঙ্গে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান প্রতিরোধে এগিয়ে এলে তাকেও লাঞ্ছিত করেন তিনি। এছাড়া ঈদের দিন এক মানবাধিকার কর্মীকে মারপিট করে লাঞ্ছিত করে যুবলীগ নেতা রিপন।
ইত্তেফাক/বিএএফ
