রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার ভোরে বাড্ডার প্রগতি স্মরণিতে ও গত শুক্রবার গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনা দুটি ঘটে। পুলিশ নিহত দুইজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
বাড্ডা থানার এসআই শরিফুল ইসলাম জানান, প্রগতি স্মরনি লিংক রোডে ভোর ৪টার দিকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে (৩৫) একটি গাড়ি চাপায় দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনা ঘটানো গাড়িটি সনাক্ত করতে মাঠে কাজ করছে পুলিশ।
অপরদিকে, শাহবাগ থানার এএসআই জাকারিয়া জানান, গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে সচিবালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে (৫৫) চাপা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া ঘাতক গাড়িটি সনাক্ত করতে চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
