সিদ্ধিরগঞ্জে স্ত্রী ও শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে আকিব হাসান রনি (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত রনি সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকার আইলপাড়ার মিলন মিয়ার ছেলে।
জানা গেছে, গত ৬ মাস আগে ১০ লাখ টাকা কাবিনে রনির সঙ্গে একই এলাকার কেয়ার বিয়ে হয়। বিয়ের পর দুই পরিবারের মধ্যে বিরোধের কারণে স্বামী-স্ত্রীর মধ্যেও মনোমালিন্য দেখা দেয়। স্ত্রী কেয়া ও তার শাশুড়ি মিনু বেগম কেয়াকে তালাক দিতে ও কাবিন এর ১০ লাখ টাকা প্রদানের জন্য নিহত রনির উপর চাপ দেয়। এ নিয়ে বিভিন্ন সময় তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। গত ১৬ আগস্ট স্ত্রী কেয়া ও শাশুড়ি মিনু বেগম রনিকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার পর অভিমানে ওই দিন রনি কীটনাশক পান করে। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে ঢাকা সলিমুল্লাহ মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮টায় সে মারা যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই জয়নাল আবেদিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। নিহতের স্বজনরা জানায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত রনির রেকর্ড করা একটি ভিডিওতে কীটনাশক পান ও আত্মহত্যার বিষয়ে তার স্ত্রী ও শাশুড়িকে দায়ী করার কথা বলেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করে নাই।
ইত্তেফাক/বিএএফ
