কুমিল্লা সিটি পার্কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ০১:১২

কুমিল্লা সিটি পার্কের ‘ম্যাজিক বোট’ নামের একটি রাইডে চড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌনে ৮টার দিকে কুমিল্লা সিটি কর্পোরেশন পরিচালিত সিটি পার্কের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। রায়হান জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই সরকারি ডিগ্রি কলেজের অনার্স (মার্কেটিং) ২য় বর্ষের ছাত্র এবং নগরীর ছোটরা এলাকার বাবুল মিয়ার পুত্র।

কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নুরুল ইসলাম জানান, ওই কলেজ ছাত্র বন্ধুদের সঙ্গে পার্কের ভেতর বিদ্যুৎচালিত ম্যাজিক বোটে (ঝুলন্ত নৌকা) চড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন বলে তার সহপাঠীরা জানান। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত স্থান এবং ওই রাইডের নিরাপত্তার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। দুর্ঘটনার পর রাইডস পরিচালনায় নিয়োজিত লোকজন পার্ক ছেড়ে পালিয়ে গেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। রাইড পরিচালনায় দায়িত্বপ্রাপ্তরা মামলা না করতে ওই কলেজ ছাত্রের পরিবারের সাথে সমঝোতার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু জানান, ‘ওই রাইডটি বার্ষিক ৩০ হাজার টাকায় বিনিময়ে শরীফ নামের এক ব্যক্তিকে ৩ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। কিন্তু রাইউসে বিদ্যুৎ সমস্যা নাকি হার্টের সমস্যার কারণে ওই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে, তা পুলিশ তদন্ত করছে, এর ময়নাতদন্ত হবে।’

রাতে কোতয়ালী মডেল থানার ওসি আবু সালাম মিয়া জানান, ‘পার্কের ভেতর যে সকল রাইডস স্থাপন করা হয়েছে, বিশেষজ্ঞ দ্বারা এগুলির ছাড়পত্র না পাওয়া পর্যন্ত সকল রাইডস বন্ধ রাখতে সিটি মেয়রকে অনুরোধ করা হয়েছে।’ তিনি আরও জানান, ‘কলেজ ছাত্রের পরিবারের পক্ষ থেকে মামলা কিংবা মরদেহের ময়নাতদন্ত করাতে রাজি না হওয়ায় পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু