ঈদুল আজহার ছুটির শেষ দিন গতকাল শনিবারও দেশের বিভিন্নস্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে নাটোরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার ১৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। এছাড়া ঢাকায় দুইজন, কুমিল্লায় দুইজন, রাজশাহীতে দুইজনসহ বিভিন্নস্থানে মোট নিহত হয়েছেন ২৫ জন। এসব ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০০ জন। এছাড়া ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে নিহত হয়েছেন ৩১ জন। সড়ক দুর্ঘটনার এ নিহতের সংখ্যাই বলে দিচ্ছে দেশের সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল থামেনি। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
বড়াইগ্রাম ও লালপুর (নাটোর) : গতকাল বিকাল পৌনে চারটার দিকে নাটোরের বড়াইগ্রাম ও লালপুর উপজেলার সীমান্তবর্তী কদিমচিলান এলাকায় বাস ও লেগুনার মধ্যে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পরিবারের তিনজনসহ লেগুনার ১৩ জন যাত্রী নিহত হন। এরপর বাসটি পার্শ্তবর্তী খাদে উল্টে পড়লে আহত হন বাসের ৩০ যাত্রী। সংবাদ পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও নাটোর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তত্পরতা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলে রাস্তা ভাঙ্গা থাকায় লেগুনার চালক ওই ভাঙ্গা স্থানটি এড়াতে ভুল পথে লেগুনা নিয়ে এগোতে থাকেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারালে সংঘর্ষ ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শামস নূর জানান, শনিবার বিকাল পৌনে চারটায় কদিমচিলান সাদিয়া ফিলিং স্টেশনের সামনে পাবনা থেকে বগুড়াগামী চ্যালেঞ্জার পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতদিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ১০ জনসহ মোট ১৩ জন নিহত ও আরো প্রায় ৩০ জন আহত হন। আহতদের বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে যাদের পরিচয় মিলেছে— পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি শ্মশানপাড়ার মিন্টু রোজারিও’র স্ত্রী আদরী বিশ্বাস (৩৫), তার ছেলে প্রত্যয় বিশ্বাস (১২) ও ১০ মাস বয়সী শিশু কন্যা স্বপ্না বিশ্বাস, লেগুনার চালক নীলফামারী জেলার সৈয়দপুরের আব্দুর রহিম (২৮), বড়াইগ্রামের নারায়ণপুর গ্রামের আবু তাহেরের স্ত্রী রজুফা খাতুন (৫০), রুপচাঁদের স্ত্রী শেফালী খাতুন (৩৫), জামাইদিঘা গ্রামের নুরফেল সরদারের স্ত্রী লগেনা বেগম (৫০), টাঙ্গাইলের গোপালপুরের বাসিন্দা আর আর পি ফিড কোম্পানির কর্মকর্তা রোকন উদ্দিন (৫৫), পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া মীর কামারী এলাকার সালামতউল্লাহর স্ত্রী শাপলা খাতুন (২১)। এদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাজ্জাকুল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া প্রত্যেক নিহতের পরিবারকে ২০ হাজার এবং আহতদের জন্য ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে। অপরদিকে, দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রামের রাজ্জাক মোড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক বাবু (৪০) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় এক শিশুসহ আরো প্রায় ১০ জন গুরুতর আহত হয়েছেন।
ইত্তেফাক রিপোর্ট, রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বাড্ডা থানার এসআই শরিফুল ইসলাম জানান, প্রগতি স্মরণি লিংক রোডে গতকাল ভোর ৪টার দিকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে (৩৫) একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
এদিকে, শাহবাগ থানার এএসআই জাকারিয়া জানান, গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে সচিবালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে (৫৫) চাপা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর কাটাখালীতে অটোভ্যান উল্টে নানা-নাতি নিহত হয়েছেন। তারা হলেন— কাটাখালীর দেওয়ানপাড়ার নাজিম (৫০) ও তার নাতি আরাফাত (৩)। আহতরা হলেন, নাজিমের স্ত্রী আছিয়া বেগম (৪৫) ও তাদের আরেক নাতি নোমান (৫)। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে কাটাখালীর সমশাদিপুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটে।
মাগুরা : মাগুরা—ঝিনাইদাহ সড়কের মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন পরিষদের আাালমখালী নামকস্থানে বাস চাপায় সবুজ শেখ ( ২১) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মাগুরা সদর উপজেলার নন্দলালপুর গ্রামের পিসকেন শেখের ছেলে। ঘাতক বাসটি সবুজকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
কলাপাড়া (পটুয়াখালী): ঈদের ছুটিতে কুয়াকাটায় ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে মোটর সাইকেলের ধাক্কায় তছলিমা বেগম (৪৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের তুলাতলী নামকস্থানে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত তছলিমা আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আমরাগাছিয়া গ্রামের ইদ্রিস মুন্সীর স্ত্রী।
ভ্রাম্যমাণ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গায় গতকাল দুপুরে বাসের সঙ্গে নসিমনের সংঘর্ষে পাতারি বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। নিহত পাতারি বেগম উপজেলার মহিষগাড়ি গ্রামের হজরত আলির স্ত্রী।
কুমিল্লা : হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর পৌনে ৫টার দিকে মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চট্টগ্রামের আনোয়ারা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ইয়াছিন মিয়া ও বগুড়ার সোনাতলা এলাকার জামাল উদ্দিন নিহত হন। এ ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। অপরদিকে সকাল সাড়ে ৫টার দিকে মহাসড়কের একই উপজেলার রায়পুর এলাকায় চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা।
ভাঙ্গা (ফরিদপুর): ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামেরদী নামক স্থানে গতকাল দুপুরে বাস-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে শামীম মাতুব্বর নামে এক যাত্রী নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহত শামীম ফরিদপুর জেলার সালথা উপজেলার বিভাগদী গ্রামের সোহবার মাতুব্বরের ছেলে। আহতদের উন্নত চিকিত্সার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হোসেনপুর (কিশোরগঞ্জ) : হোসেনপুরে মোটর সাইকেলের নিচে চাপা পড়ে আবদুল ফালান (৬৫) এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। গতকাল দুপুরে হোসেনপুর—কিশোরগঞ্জ সড়কে দরিয়াবাজ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল ফালান দরিয়াবাজ গ্রামের ইমাম আলীর ছেলে ও দরিয়াবাজ মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
ইত্তেফাক/নূহু
