২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতরা রেহাই পাবে না : সেতুমন্ত্রী

আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ০১:৩৮

কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজ ইতিমধ্যে ২৪ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার সকালে পতেঙ্গা এলাকায় টানেল নির্মাণ কাজ পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তিনি কর্ণফুলী টানেল প্রকল্পের শেড, টানেল বোরিং মেশিনসহ (টিবিএম) আনুষঙ্গিক যন্ত্রপাতি ও বিষয়াদি ঘুরে দেখেন।

এ সময় তার সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় একুশে আগস্টের গ্রেনেড হামলার রায় হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি জড়িত। হত্যাকারী যেই হোক, যত প্রভাবশালী হোক, ক্ষমা পাবে না। নিরপেক্ষ বিচার হবে। বিচারে যারাই দোষী সাব্যস্ত হবে, শাস্তি তাদের পেতেই হবে।এ সময় প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. অনুপম সাহা সাংবাদিকদের জানান, ‘ওয়ান সিটি অ্যান্ড টু টাউন’ মডেলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কে সংযুক্তিসহ ৭টি উদ্দেশ্যে এই টানেল নির্মাণ করা হচ্ছে। দুইটি টিউবের ৩ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ মূল টানেল হবে। টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার অ্যাপ্রোচ রোড এবং ৭২৭ মিটার ওভারব্রিজ আনোয়ারা উপজেলাকে চট্টগ্রাম শহরের সঙ্গে সংযুক্ত করবে। অক্টোবরের শেষ নাগাদ চীন থেকে সংগৃহীত টানেল বোরিং মেশিন (টিবিএম) চালুর মাধ্যমে টানেলের খনন কাজ শুরু হবে। বর্তমানে টিবিএম মেশিনটি চালুর প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে।

ইত্তেফাক/নূহু